বিখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর মূল প্রতিষ্ঠান ইকোনমিস্ট গ্রুপের মালিকানায় বড় পরিবর্তন এসেছে। কানাডীয় ধনকুবের স্টিফেন স্মিথ লিন ফরেস্টার ডি রথচাইল্ডের কাছ থেকে ২৬ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। প্রতিষ্ঠানটির ১৮৩ বছরের ইতিহাসে এটি তৃতীয় বড় মালিকানা পরিবর্তনের ঘটনা।
এই শেয়ার ক্রয় করেছে স্মিথ এবং তাঁর পারিবারিক প্রতিষ্ঠান স্মিথ ফাইন্যান্সিয়াল করপোরেশন। চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। স্মিথের এই কোম্পানির অধীনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে পরামর্শক সংস্থা গ্লাস লুইসও রয়েছে।
ইকোনমিস্ট গ্রুপ বিশ্বজুড়ে পরিচিত সাপ্তাহিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর পাশাপাশি ডিজিটাল প্রকাশনা ১৮৪৩ ম্যাগাজিন এবং একটি বিজনেস ইন্টেলিজেন্স ইউনিট পরিচালনা করে।
২০২৫ সালের মার্চ পর্যন্ত আর্থিক বছরে গ্রুপটির আয় হয়েছে ৩৬ কোটি ৯০ লাখ পাউন্ড এবং মুনাফা ৪ কোটি ৮০ লাখ পাউন্ড। একই সময়ে ম্যাগাজিনটির গ্রাহকসংখ্যা ৩ শতাংশ বেড়ে ১২ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।
এই চুক্তি কার্যকর হতে ইকোনমিস্ট গ্রুপের পরিচালনা পর্ষদ ও চারজন স্বতন্ত্র ট্রাস্টির অনুমোদন প্রয়োজন। এই ট্রাস্টিরা প্রতিষ্ঠানটির সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার দায়িত্বে রয়েছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্টিফেন স্মিথের এই বিনিয়োগ ইকোনমিস্টের দীর্ঘদিনের সম্পাদকীয় স্বাধীনতার প্রতি সমর্থনকে প্রতিফলিত করে এবং এর ফলে প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, রথচাইল্ড পরিবার ২০০২ সাল থেকে এই শেয়ারের মালিক ছিল এবং সম্প্রতি তা বিক্রির জন্য আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ল্যাজার্ডকে নিয়োগ দেয়।
ইকোনমিস্ট গ্রুপের মালিকানা কাঠামো জটিল, যেখানে প্রায় এক হাজার শেয়ারহোল্ডার রয়েছে। কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী মোট ভোটাধিকারের ২০ শতাংশের বেশি ব্যবহার করতে পারে না, ফলে এককভাবে নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ নেই।